ক্রিকেট

নাঈমের ৪ উইকেট, ক্যারিবীয়দের ২৪৫ রানে থামাল বাংলাদেশ

মিরপুর টেস্টে তৃতীয় দিন

নাঈমের ৪ উইকেট, ক্যারিবীয়দের ২৪৫ রানে থামাল বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ক্যারিবীয়দের দখলে ছিল। পরের সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাঈম হাসানের ঘূর্ণিতে দৃশ্যপট বদলায়। দ্বিতীয় সেশনে ৮ ওভারের মধ্যে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। নাঈমের ৪ উইকেটের সুবাদে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯৭.৪ ওভার ব্যাট করে ২৭২ রানে থেমে যায় নাজমুল হোসেন শান্তর দল। জবাবে নেমে ৮২.৫ ওভারে ২৪৫ রানে থামে উইন্ডিজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। ১৩৮ রানে পিছিয়ে ছিল তারা। তেজনারায়ণ ৪৩ রানে এবং জাস্টিন গ্রিভস ১৫ রানে তৃতীয় দিন শুরু করেন। বাংলাদেশের হয়ে বলে শুরু করেন হাসান মাহমুদ। দিনের প্রথম সাফল্য আসে ৫৮.২ ওভারে ১৬২ রানে। পঞ্চম উইকেট হারায় উইন্ডিজ। শরিফুলের বলে দ্বিতীয় স্লিপে শান্তর দুর্দান্ত ক্যাচে ফেরেন তেজনারায়ণ চন্দরপল। ৬ চার ও ১ ছক্কায় ১৮৪ বলে ৫৬ রান করে।

ষষ্ঠ উইকেটে রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস ৫১ রান যোগ করেন। ৭৪.৫ ওভারে ২১৩ রানে জুটি ভাঙেন নাঈম। গ্রিভসকে এলবিডব্লিউ করেন টাইগার অফস্পিনার। ১০৩ বলে ৪৬ রান করে যান গ্রুভস। উইকেট পতনের পর মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল।

প্রথম সেশনে ২৬ ওভার ৫ বলে ৭৯ রান তুলে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। বিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮ ওভারে ৩২ রান যোগ করতে বাকি ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় সফরকারী দল।

২৩৪ রানে সপ্তম উইকেট হারায় উইন্ডিজ। মিরাজের বলে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন বিশপ। বল নিচু হয়ে চলে যায় লিটনের গ্লাভসে। স্টাম্প ভাঙতে দেরি করেননি। ১১ বলে ১৫ রান করে ফেরেন। ৮১তম ওভারে দলীয় ২৪৫ রানে জোড়া আঘাত হানেন নাঈম। দ্বিতীয় বলে শামার জোসেফ ক্যাচ দিয়ে ফেরেন লিটনের গ্লাভসে। ১০ বলে ৪ রান করে। শেষ বলে জোমেল ওয়ারিক্যানকে এলবিডব্লিউ করেন। রিভিউ নিয়েও লাভ হয়নি, খালি হাতে ফেরেন।

এরপর আর কোনো রান যোগ করতে পারেনি ক্যারিবীয়রা। ৮২.৫ ওভারে নাঈম হাসানের বলে মিডঅফে মিরাজের হাতে ক্যাচ দেন জেইডেন সিলেস। তাতে থামে ক্যারিবীয়দের ইনিংস। সিলেস খালি হাতে ফেরেন, চেজ অপরাজিত থাকেন ৪৩ রানে।

বাংলাদেশ হয়ে প্রথম ইনিংস থেকে নাঈম হাসান ১০.৫ ওভারে ১ মেডেনসহ ৩৩ রানে ৪ উইকেট নেন। মিরাজ ও তাইজুল নেন ২টি করে উইকেট। হাসান ও শরিফুল নেন একটি করে।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাদমান ইসলাম। ১০৫ রান করেন। তাওহীদ হৃদয় ৪২, লিটন দাস ৩৪*, মুমিনুল হক ২৮ রান করেন। বাকিদের কেউ নামের সাথে সুবিচার করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে জোমেল ওয়ারিক্যান ৫ উইকেট নেন। জশুয়া বিশপ ও শামার জোসেফ নেন দুটি করে উইকেট। জেইডেন সিলেস নেন এক উইকেট।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজে জোমেল ওয়ারিক্যান তাইজুল নাঈম হাসান বাংলাদেশ মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…