আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সিরিজের বাকি দুটি ওয়ানডেতে ছিটকে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি। জ্বরের কারণে ঘরে সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাস ফিরেছেন। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে ফেরানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য রোববার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ সাউথ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অফস্পিনার নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে দু’দল।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।







