ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি এদেশের ক্ষতি করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভায় এই কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের মানচিত্র ঘিরে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে শরণার্থীদের আশ্রয় দেয়া থেকে শুরু করে সশস্ত্র সংগ্রামে সহযোগিতা এবং পরবর্তীতে সেই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১৫ দিনের মাথায় আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ খবর রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







