আকবরদের মতোই শিরোপা জিততে চান মাহফুজরা

Bangladeshi cricket team members in suits posing on the field at a stadium for a team photo. Channel i News – চ্যানেল আই নিউজ
সাউথ আফ্রিকায় বাংলাদেশের লক্ষ্য এবার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার। ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের ট্রফি নিয়ে ফিরেছিল আকবর আলীর দল। একই দেশে আরেকটি বিশ্বকাপ হওয়ায় মাহফুজুর রহমানের দলের লক্ষ্য শিরোপাতেই। সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
রোববার দিবাগত রাত ১টায় জুনিয়র টাইগারদের ফ্লাইট। ঢাকা থেকে মাহফুজ-শিবলিদের শুরুর যাত্রা জোহানেসবার্গ, সেখান থেকে পচেফস্ট্রুম। সেখানে ১১ জানুয়ারি পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করবে যুবা টিম টাইগার্স।
আগামী ১২ জানুয়ারি জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে। পরে ১৩ জানুয়ারি আইসিসির বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি শুরু বিশ্বকাপ। ‘এ’ গ্রুপের বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে পরদিন, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
শুরুতে টুর্নামেন্টের ভেন্যু ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দল প্রস্তুত হয় সেই কন্ডিশন অনুযায়ী। শেষমুহুর্তে বদলে যায় ভেন্যু। তারপরও আত্মবিশ্বাসী অধিনায়ক মাহফুজুর।
মিরপুরে দলীয় আনুষ্ঠানিক ফটোসেশনের পর মাহফুজুর বলেন, ‘দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের উইকেট আর সাউথ আফ্রিকার উইকেট অনেকটা একরকম। আমার মনে হয় না এটা কোনো চ্যালেঞ্জ।’






