বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অন্যতম দুজন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে-পরের নানা ঘটনায় দুই বন্ধুর সম্পর্কের অবনতির খবর গণমাধ্যমে আসে। বাংলাদেশ-ভারত সিরিজের ধারাভাষ্য দিতে এসে এক সাক্ষাৎকারে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা বলেছেন তামিম।
ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টসস্টারকে দেয়া সাক্ষাৎকারে তামিম ২০২৩ বিশ্বকাপের আগে-পরের নানা ঘটনা, সাকিবের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সেখানে তামিমের কাছে সাকিব সম্পর্কেও জানতে চাওয়া হয়। তখন তামিম তার মতামত তুলে ধরেন এভাবে-
‘সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা নিশ্চিত করতে হবে যে, আপনারা একে-অপরের ক্ষতি করছেন না, কারণ দিনশেসে আপনারা দেশের জন্য খেলছেন। আমি কখনও কারও কাছে বা কোনো মিডিয়াতে তাকে দোষারোপ করিনি বা অন্য কাউকেও দোষারোপ করিনি।’
‘যাইহোক, আমি সত্যিই বিশ্বাস করি যে সাকিব বাংলাদেশের জন্য যা করেছে সেটা অসাধারণ কিছু। ভালো বা খারাপ সম্পর্কের উপর ভিত্তি করে সেটাকে আপনি স্বীকার বা অস্বীকার করতে পারেন না। সে বাংলাদেশের সবচেয়ে বড় মহাতারকা।’
তামিম আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক যদি ভালো থাকতো, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় নিয়ামক হয়ে উঠতো। আমরা দুজনেই দেশের জন্য অনেক কিছু করেছি। আমার এটাও মনে হয় দুজনেরই ইতিবাচক মনোভাব রয়েছে এবং আমরা দুজনই বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই।’








