শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা বড় না হলেও শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে গেছেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়ও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী।
রানতাড়ায় নেমে ধুকছে টিম টাইগার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ৩ উইকেটে ৩৬ রান। নাজমুল হোসেন শান্ত ২২ বলে ১৪ রানে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৯ বলে ৫ রানে ক্রিজে আছেন।
ইনিংসের প্রথম বলেই মাধুশঙ্কার শিকার হন লিটন দাস। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। ২.৪ ওভারে ৯ বলে ৩ রান করেন মাধুশঙ্কার দ্বিতীয় শিকার হন।
দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৫.১ ওভারে ২৩ রানে ফিরে যান এই টপঅর্ডার ব্যাটারও। প্রামোধ মাধুশানের বল বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ৮ বলে ৩ রান করে।







