ক্রিকেট

দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনিশ্চিত লিটন দাস

দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনিশ্চিত লিটন দাস

চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলা হয়নি লিটন দাসের। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের দলে আছেন। তবে এখনো অনিশ্চিত খেলা। ফিটনেস টেস্টের পরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বলেছেন, ‘আমাদের লক্ষ্য খুবই পরিস্কার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সামনে দুটি টেস্ট রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিটনের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আমরা আশাবাদী সে সুস্থ হয়ে উঠবে। আমাদের টেস্ট দলটা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং আশা করি এই সিরিজেও দল সাফল্য ধরে রাখতে পারবে।’

স্কোয়াডে জায়গা না পাওয়া সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন বাশার। জাতীয় দলের সঙ্গে থেকে একাদশে সুযোগের অপেক্ষায় না রেখে তাদের চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ করে দিতে চেয়েছেন নির্বাচকরা।

বলেছেন, ‘এনসিএলে প্রথম শ্রেণীর ম্যাচ চলছে। টেস্টে আমাদের নিয়মিত ওপেনিং জুটিই হয়তো খেলবে, সেক্ষেত্রে একাদশে সৌম্যের খেলার সম্ভাবনা কম ছিল। আমরা চেয়েছি সে স্কোয়াডে বসে না থেকে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলুক। যে কারণে আমরা দলে বাড়তি কোনো তৃতীয় ওপেনারও রাখিনি।’

একই পরিকল্পনায় স্কোয়াডের বাইরে পেসার খালেদ আহমেদও। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। চার পেসার নিয়েই আপাতত সন্তুষ্ট নির্বাচকেরা।

বিষয়:বাশার বিসিবি মিরপুর লিটন সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…