সৌম্য সরকারের ফিফটির পর তাওহীদ হৃদয়ের ৯৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে লঙ্কানদের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের রানতাড়ায় পাঠিয়ে শরীফুল-তাসকিনে দ্রুতই তিন ব্যাটারকে ফিরিয়েছে টিম টাইগার্স।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে সফরকারীরা। ডানহাতি ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৪ বলে ৩৭ এবং বাঁহাতি চারিথ আশালাঙ্কা ২৮ বলে ২৮ রানে ক্রিজে আছেন।
সফরকারীদের রানতাড়ায় পাঠিয়ে প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে শুভসূচনা এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রানের খাতা না খুলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান আভিস্কা ফের্নান্দো।
দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৫.১ ওভারে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ১৩ বলে ১৬ রান করা মেন্ডিসকে ফেরান মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে। পরের ওভারে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান শরীফুল। ৪ বলে ১ রান করে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।







