ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং ধস, পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ লিটনদের

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং ধস, পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ লিটনদের

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি বাতিল হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় লাল-সবুজের দল। সেখানে পাকিস্তানের বিপক্ষে হেরে কেবল ব্রোঞ্জের লড়াইয়ে টিকে থাকে টিম টাইগার্স। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছে লিটন দাসের দল, হেরেছে ৬৩ রানে। তাতে পদক ছাড়াই ফিরতে হচ্ছে টাইগারদের।

জাপানের নিশিনে করোগি স্পোর্টস পার্কে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আগে ব্যাটে নেমে শ্রীলঙ্কা বেশ চাপেই পড়েছিল শুরুতে। ২১ রানে ৪ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে ৩৩ রান যোগ করেন অশিন বান্দারা ও শাহান আরাচ্চিগে। অশিন ২৪ বলে ১৮ রানে ফিরলে জুটি ভাঙে।

ষষ্ঠ উইকেট জুটিতে শাহানকে সঙ্গী করে ঝড় তোলেন থারিন্দু রত্নায়েকে। তাতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। এই জুটিতে আসে ৯৩ রান। ১৮.১ ওভারে দলীয় ১৪৭ রানে রত্নায়েকে আউট হলে জুটি ভাঙে। ৭ চার ৫ ছক্কায় ৩২ বলে ৬৫ রান করেন। এরপর আরও ৩ উইকেট হারালেও লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রানে। ৩৭ বলে ৩৩ রান করেন শাহান।

বাংলাদেশ বোলারদের মধ্যে ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন শেখ মেহেদী হাসান। ৩ ওভারে ২৮ রানে সাইফ ২ উইকেট এবং ৩ ওভারে ৪৩ রানে মোস্তাফিজ নেন ২ উইকেট। ৪ ওভারে ১৮ রানে অভিষিক্ত আলিস আল ইসলাম ১ এবং ৪ ওভারে ৪৬ রানে রিশাদ নেন ২ উইকেট। ২ ওভার বল করে ৮ রান খরচ করলেও কোনো উইকেট পাননি নাসুম আহমেদ।

জবাবে নেমে ব্যাটিং ধস দেখে বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই ইনিংসের ষষ্ঠ বলে আউট হন সাইফ হাসান। ১.২ ওভারে শূন্য হাতে ফেরেন তানজিদ তামিম। ৪ রানে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। গোল্ডেন ডাক মারেন অধিনায়ক লিটন ধাস। ১৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে লাল-সবুজের দল। হৃদয় ফেরেন ৬ বলে ১১ রানে।

পঞ্চম উইকেটে কিছুটা চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলি রাব্বি। এই জুটিতে ৩২ রান যোগ করেন দুজনে। ৮.২ ওভারে দলীয় ৫০ রানে ইমন আউট হলে জুটি ভাঙে। ২৬ বলে ২০ রান করেন ইমন। এরপরই ধস নামে ফের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১০২ রানে। ইয়াসির ১৬ বলে ২১ এবং রিশাদ ৫ বলে ১০ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন নুয়ান থুসারা, থারিন্দু রন্তায়েকে, বিজয়কান্ত বিয়াসকান্ত। ও ভানুজা শাহান। দুশন হেমন্ত ও শাহান আরাচ্চিগে নেন একটি করে উইকেট।

বিষয়:এশিয়ান গেমস ক্রিকেট জাপান বাংলাদেশ রত্নায়েকে লিটন শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…