ফুটবল

প্রধান উপদেষ্টার হাত থেকে একুশে পদক নিলেন সাফজয়ীরা

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা একুশে পদক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার হাত থেকে একুশে পদক গ্রহণের জন্য সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ফুটবলে অসামান্য অগ্রগতি ও অবদানের জন্য ক্রীড়ায় একুশে পদক হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দুবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদের পুরস্কারে ভূষিত করা হল।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে দলের পক্ষে মর্যাদার পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্ডা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সর্বশেষ সাফজয়ী মেয়েরা।

শুরুতে পদকের জন্য মেয়েদের ফুটবল দলের ১১ জনকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু কোন ১১ জন পাঠাবে এ সিদ্ধান্ত নিতে গিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরে দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে। শেষপর্যন্ত বিষয়টি বিবেচনায় নিয়ে ২৩ ফুটবলারের পাশাপাশি কোচ-কর্মকর্তাসহ আরও ৯ জনকে আমন্ত্রণ জানায় মন্ত্রণালয়।

২০২২ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে নেপালে প্রথমবার সাফ জেতে জাতীয় নারী দল। ২০২৪ সালে সাবিনার নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা আসে, নেপালকে হারিয়ে সাফল্যের মুকুট ধরে রাখে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রথমবারের সফলতায় কোচ ছিলেন গোলাম রাব্বানি ছোটন।

ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দেয়া হল এবার।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাফুফে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…