সরাসরি বিশ্বকাপে যারা, বাংলাদেশ’সহ যাদের খেলতে হবে বাছাই
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জার্সি নম্বর ১০ সহ একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপে, এই সমীকরণে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা হেরে গেছে। শেষ ওয়ানডেতে ৮ উইকেটের হেরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। টিম টাইগ্রেসকে খেলতে হবে বাছাই পর্ব।
আট দলের অংশগ্রহণে চলতি বছর আগস্টে ভারতের মাটিতে বসতে চলেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২৫ চক্রে সেরা ৫ দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে। আয়োজক দেশ ভারত তো থাকছেই। তারা পয়েট টেবিলেও বেশ শক্ত অবস্থানেই আছে।
৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ৩৭, আর ৩২ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ডের মেয়েরা। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
ছয়ে থাকা নিউজিল্যান্ড ও সাতে থাকা বাংলাদেশের পয়েন্ট সমান ২১। নেট রানরেটে লাল-সবুজদের চেয়ে এগিয়ে থেকে ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কিউই মেয়েরা।
বাংলাদেশের সঙ্গে সিরিজ জিতেও অবশ্য খুব বেশি লাভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে অষ্টমস্থানে। তাদেরও সরাসরি খেলা হচ্ছে না বিশ্বকাপে। ফলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। যেখান থেকে দুটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।






