চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার গড়াবে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের মাটিতে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হতে চলছে দুদল। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।
সোমবার দুপুর ২টায় মাঠে খেলা গড়ানোর কথা। তবে রোববার রাতে চট্টগ্রামে ঝড়সহ বৃষ্টিপাত ছিল। আজ সকালে বৃষ্টি হলেও বর্তমানে আকাশে রোদ আছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী ওয়েবসাইট ও অ্যাপ অ্যাকুওয়েদার জানাচ্ছে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামে হতে পারে বৃষ্টিপাত, সম্ভাবনা ৪০ শতাংশ।
নিয়ম অনুযায়ী, একটি টি-টুয়েন্টি ম্যাচ ৩ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা থাকে। দুপুর ২টায় ম্যাচ শুরুর সময় থেকে আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া পরিবর্তন না হলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু নিয়ে আপাতত সংশয় নেই।








