নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টিতেও শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, সিরিজ হারের শঙ্কা ছিল না তাতে। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে সাফল্য তুলে সিরিজ জিতে যেতে পারত লিটন দাসের দল। শেষ ম্যাচে বড় জয় পেয়েছে কিউইরা। পরে স্বাগতিক দর্শকদের উন্মাদনায় ব্যাঘাত ঘটানোয় দুঃখপ্রকাশ করেছেন কিউই অধিনায়ক নিক কেলি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। বৃষ্টিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিক দল। জবাবে ২০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপস দল।
নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে টম ল্যাথামের চোটে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া নিক কেলি পরে বলেছেন, ‘(বাংলাদেশের) দুটি ভিন্ন বোলিং আক্রমণ। দুদলেই মানসম্পন্ন ছিল। দুই সিরিজের (বাংলাদেশ দলে) একদম ভিন্ন ধাঁচের বোলাররা ছিল। একটি সিরিজে একটি বোলিং ইউনিটের বিপক্ষে খেলে অভ্যস্ত হয়ে তিন ম্যাচ পর পুরো বোলিং আক্রমণ পরিবর্তন হলে কাজটা কঠিন হয়ে যায়। এখানে বাড়তি অভিজ্ঞতা হয়েছে আমাদের। সবাই বেশ ভালো বোলার এবং তারা নিজেদের মান দেখিয়েছে।’
বাংলাদেশি দর্শকদের আবেগ-উন্মাদনায় মুগ্ধ হলেও ম্যাচের ফলাফলের জন্য দুঃখপ্রকাশ করেছেন কেলি, ‘দারুণ পরিবেশ ছিল এখানে। অনেক শোরগোল, তারা (সমর্থক) অনেক প্যাশনেট। বৃষ্টির পরও তারা ফিরে এসেছিল। বাংলাদেশের লোকজন দারুণ। আমাদের সময়টাও এখানে দারুণ কেটেছে। প্রায় পূর্ণ গ্যালারি ছিল। তাদের পার্টি নষ্ট করার জন্য দুঃখিত, আমরা ম্যাচ জিতে নিয়েছি। যদিও তারা ক্রিকেটকে ভালোবাসে, আশা করি তাদের আনন্দ দিতে পেরেছি।’







