প্রথম ম্যাচ হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত, বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার তথ্যে স্থানীয় সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হতে পারে বৃষ্টি। শঙ্কার মধ্যেই সেরাটা দেয়ার অপেক্ষায় তামিম ইকবালের টিম টাইগার্স।
বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের চেমসফোর্ডে মাঠে গড়াবে টাইগার-আইরিশ ম্যাচটি। আয়ারল্যান্ড পরিচিত কন্ডিশনে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেতো। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
এতে সরাসরি বিশ্বকাপে খেলবে সাউথ আফ্রিকা। আর এই সিরিজ বাংলাদেশের জন্য এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ। কেননা সরাসরি বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে তামিমের দল। প্রতিপক্ষ আইরিশরা হলেও অবশ্য খেলা হচ্ছে ইংল্যান্ডে, নিরপেক্ষ ভেন্যুতে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে খুব একটা ভালো ব্যাটিং হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আউট হন ফর্মে থাকা লিটন দাস। অধিনায়ক তামিম ইকবালও আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। তাদের ফর্মের দিকে তাকিয়ে থাকবে দল।
দ্রুত উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা থাকবে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়রা লম্বা ইনিংস খেলতে পারলে বাংলাদেশের কাজটা সহজ হবে, দলীয় সংগ্রহ বড় হবে।
প্রথম ওয়ানডেতে ভালো বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন। দুই ওভার বল করে একটি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর অভিষেকও হয়ে যেতে পারে আজকের ম্যাচে।
প্রথম ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলে নেয়া তাইজুল ইসলামের সহজ স্বীকারোক্তি, ‘এটা সত্য যে এমন কন্ডিশনে পেস বোলাররা ভালো করে। ওই উইকেটে যে স্পিনাররা ভালো করতে পারবে না বিষয়টা তেমন নয়। ভালো লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারলে সফল হওয়া সম্ভব। এটা পজিটিভ দিক যে আমাদের পেস বোলাররা ভালো করছে।’
পেসার হাসান মাহমুদ প্রথম ম্যাচের পর বলেছিলেন, ‘এমন উইকেটে ভালো করার উপায় উইকেট টু উইকেট বল করা। অ্যালান ডোনাল্ড আমাদের সেটাই বলেছিলেন। তবে এমন উইকেটে তাসকিন ভাইকে মিস করছি আমরা।’
বেশি মূল্যের কারণে দেশের বাইরের সিরিজে সম্প্রচার সত্ত্ব কেনেনি বাংলাদেশের কোনো চ্যানেল। বাংলাদেশ থেকে টিভিতে সাকিব-তামিমদের খেলা সম্প্রচার হচ্ছে না। আইসিসি টিভিতে খেলা দেখার সুযোগ রয়েছে। সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখা যাবে, আইসিসি টিভি ওয়েবসাইটের হোম পেজে এমন তথ্য দেয়া আছে।
অবশ্য কন্ডিশনের কারণে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজ খুব একটা উপকারে আসবে না, এমন মন্তব্য করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে ভারতের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের এই কন্ডিশনের কোনো মিল নেই।’ টাইগারদের তবুও সুযোগ নিজেদের ঝালিয়ে নেয়ার, আত্মবিশ্বাস বাড়ানোর।








