আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই সাফের তারিখ নির্ধারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ৪ থেকে শুরু হয়ে আসরটির পর্দা নামবে ১৭ নভেম্বর। ২০১৮ সালের পর এই প্রথম আবারও সাফের স্বাগতিক দেশের ভূমিকায় ফিরল বাংলাদেশ।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফের চূড়ান্ত সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। সাফের সদস্যভুক্ত সবগুলো দেশই এই আঞ্চলিক ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ২৫ জুলাই ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অফিসিয়াল লোগো উন্মোচন করা হবে। ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে ড্র অনুষ্ঠিত হবে, নির্ধারিত হবে দলগুলোর গ্রুপ ও ম্যাচ সূচি।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ আসরের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই আসরটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। কারণ বছরের পর বছর ধরে এই অঞ্চলের ফুটবলপ্রেমীদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।’
‘ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পর দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এই ঘোষণাটি এক দারুণ উদ্দীপনা নিয়ে এসেছে। বিশেষ করে সারা দেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা আশা করছি বাংলাদেশ এমন একটি জমকালো ও সফল আসর উপহার দেবে।’
‘আগামী দিন ও মাসগুলোতে আমরা এই চ্যাম্পিয়নশিপ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, সর্বশেষ তথ্য এবং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানাব। টুর্নামেন্টের আরেকটি অবিস্মরণীয় আসরের কাউন্টডাউন শুরুর এই মুহূর্তে আমাদের ভক্তরাও আমাদের মতোই উচ্ছ্বাস ও উদ্দীপনা ভাগ করে নেবেন বলে আমরা আন্তরিকভাবে আশা করি।’







