রাজনীতি

একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী

একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের ব্যবস্থা করা গেলে পদ্মা নদী ও এর শাখা-উপশাখায় পানির প্রবাহ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ার পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নিতে হবে।

রিজভী বলেন, একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। রাজশাহী অঞ্চলে নদীতে পানি থাকলেও বিভিন্ন স্থানে চর জেগে উঠতে দেখা যায়। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, ফারাক্কার প্রভাবে গত ২০ থেকে ২৫ বছরে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত কমেছে বলে তিনি মনে করেন। নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় সমুদ্র থেকে লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পদ্মা ব্যারেজ নির্মাণের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, এর মাধ্যমে যদি সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও প্রতিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে এ উদ্যোগ নেওয়া উচিত। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে নদীর শাখা-উপশাখায় পানির প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তিতে কার্যকর গ্যারান্টি ক্লজ না থাকায় বাংলাদেশ প্রত্যাশিত পরিমাণ পানি পাচ্ছে না। তার অভিযোগ, বিগত সরকারের নতজানু নীতির কারণে প্রতিবেশী দেশ বাংলাদেশকে আরও বেশি প্রভাবিত করার সুযোগ পেয়েছে।

রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশপ্রেমকে ধারণ করে কাজ করতে হবে। অন্য দেশের পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ভারত দ্বিধা করছে না বলেও মন্তব্য করেন তিনি। এমনকি ভারতের অভ্যন্তরেও এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের নদীর পানি বণ্টন নিয়ে বিরোধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গ্যারান্টি ক্লজ ছিল। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিষয়:গঙ্গা পানিবণ্টন চুক্তি পদ্মা ব্যারেজ ফারাক্কার প্রভাব বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…