মোহাম্মদ মাহামুদুল: অন্যান্য দেশের পর্যটকদের সাথে পাল্লা দিয়ে মালদ্বীপে প্রতিদিনই বাড়ছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান ১৬তম বলেও জানিয়েছেন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা।
ভিসা ছাড়াই বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পর্যটকরা। তার মধ্যে মালদ্বীপ একটি মালদ্বীপ।
প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা থাকায় বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ করা খুব সহজ। তবে অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের সাথে পাল্লা দিয়ে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের হার বেড়েছে ২৯ শতাংশ।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি এই কথা বলেন।
১ হাজার ২০০টি দ্বীপ এবং ২৬টি প্রবালদ্বীপের এই অপরূপ দেশটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যার জন্যই বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মালদ্বীপ ভ্রমণে ভিড় করেন। বর্তমান সময়ে বাংলাদেশি পর্যটকদেরও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে এই দেশটি।
সাধারণত মালদ্বীপে প্রতি বছর বাংলাদেশি ২ থেকে ৩ হাজার পর্যটক ভ্রমণ করেন। তবে গত বছর ভারত এবং মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যার সংখ্যা ছিলো ২২ হাজার।
চলতি বছরের প্রথম আট মাসে ২০ হাজার ৮৪০ জন বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন দেশটিতে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি।
এছাড়াও তিনি উল্লেখ করেন, নতুন করে মালদ্বীপের পর্যটন শিল্পে পরিবর্তন আনায় প্রতিদিনই দেশটিতে ভিড় করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমন পিপাসুরা। তবে দেশটির নতুন এই পর্যটন বাজারের সবচেয়ে বেশি চমক হচ্ছে বাংলাদেশি পর্যটক বৃদ্ধি পাওয়া।









