তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে গোয়ালিয়রে ভারতের কাছে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। দিল্লিতে খেলবে দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। জয়ের লক্ষ্য নিয়ে দিল্লিতে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল।
১০ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় গড়াবে লড়াই। ৭ অক্টোবর দিল্লিতে পৌঁছাল টিম টাইগার্স।
ভিডিও বার্তায় শান্তদের দিল্লি পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপদে অবতরণের পর বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে পৌঁছায় লাল-সবুজের দল। দিল্লিতে ম্যাচ শেষে বাংলাদেশের গন্তব্য হবে হায়দরাবাদে। সেখানে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।






