অস্ট্রেলিয়ায় টপ ইন্ড সিরিজে তাসমানিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের ব্যাটাররা ভালোই করেছিলেন। তবে বল হাতে ব্যর্থ হয়েছেন। টি-টুয়েন্টি লড়াইয়ে অস্ট্রেলিয়ার রাজ্য দলটির কাছে ৫ উইকেটে হেরেছে আকবর আলীর দল।
টসে জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটে পাঠায় তাসমানিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেন তানজিদ তামিম-জিসান আলমরা। জবাবে নেমে জ্যাক ডোরানের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখে ইনিংসের তিন বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে তাসমানিয়া।
টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ২৯ বলে ৩৯ রান করেন। ওপেনার জিসান আলম ২৩ বলে ৩৮ রান এবং তানজিদ তামিম করেন ২৯ বলে ২৮ রান। আকবর আলী ১৭ বলে ২০ রান করেন।
তাসমানিয়ার হয়ে গ্যাবে বেল দুটি এবং কিরন ইলিয়ট ও নিভেথান রাধাকৃষ্ণ একটি করে উইকেট নেন।
রানতাড়ায় তাসমানিয়ার হয়ে দারুণ করেন ডোরান। চারটি চার ও তিন ছক্কায় ৩৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ এবং চারে নামা জার্লি ওয়াকিম ২৬ বলে ২৫ রান করেন। শেষদিকে রাফায়েল ম্যাকমিলান ৯ বলে ১৭ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে স্পিনার রাকিবুল হাসান দুটি উইকেট নেন। আলিস আল ইসলাম, আবু হায়দার রনি ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট নেন।







