প্রবাস সংবাদ

কানাডার ‘এক্সপ্রেস এন্ট্রি’তে নতুন নিয়ম

কানাডার ‘এক্সপ্রেস এন্ট্রি’তে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করে চাকরির প্রস্তাব পেলে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) ছাড়াই কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ পরিবর্তনের কথা জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। নতুন নিয়মে উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে দুই ক্ষেত্রের পয়েন্ট একসঙ্গে যোগ হবে না। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই বিবেচনা করা হবে।

নতুন নিয়মে চাকরির প্রস্তাবের বেতন সংশ্লিষ্ট পেশার নির্ধারিত মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি হলে ১০০ পয়েন্ট পাওয়া যাবে। দেড় গুণ বা তার বেশি হলে ৭০ পয়েন্ট এবং ১ দশমিক ৩ গুণ বা তার বেশি হলে মিলবে ৫০ পয়েন্ট। এসব বেতনের শর্ত পূরণ না হলে চাকরির প্রস্তাবের ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে না।

অন্যদিকে, কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী ২০, ৪০ অথবা ৭০ অতিরিক্ত পয়েন্ট পাওয়া যেতে পারে। এর পাশাপাশি কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যুক্ত হবে।

নতুন ব্যবস্থায় চাকরির প্রস্তাব নতুন বা পুরোনো, যেকোনো নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া যেতে পারে। একইভাবে নতুন পদ কিংবা আগে থেকে চালু থাকা পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে। এসব ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে বাড়তি অগ্রাধিকার মিলবে না।

তবে চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, পদের প্রয়োজনীয়তা, বেতন দেওয়ার সক্ষমতা এবং প্রার্থীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করবে আইআরসিসি। ভুয়া চাকরির প্রস্তাব বা তথ্য গোপনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, নতুন নিয়ম কার্যকর হওয়ায় বিদ্যমান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে আমন্ত্রণপত্র দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

নতুন নিয়মে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হলেও শুধু চাকরির প্রস্তাব থাকলেই কানাডায় স্থায়ী বসবাসের নিশ্চয়তা মিলবে না। প্রার্থীর বয়স, শিক্ষা, ভাষাগত দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:কানাডার এক্সপ্রেস এন্ট্রি নতুন নিয়ম লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট সিআরএস পয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…