ভালো কিছুর আশা জাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতে বাংলাদেশ দল
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

দলের ম্যানেজার রাহুল রায়ের সেলফিতে বাংলাদেশের খেলোয়াড়রা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার সকালে ভারতে গেল বাংলাদেশ জাতীয় দল। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে লাল-সবুজের দলটি কয়েক সপ্তাহ নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে গেছে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার উপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ-অভিজ্ঞের ভারসাম্য রয়েছে।
শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে যান আশরাফুল ইসলামরা। পাঞ্জাবের জলন্ধর ও মোহালিটে গড়াবে আসর। ২৭ অক্টোবর শুরু হতে চলা প্রতিযোগিতার পর্দা নামবে ৫ নভেম্বর। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ।
২৭ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে আসর শুরু করবে আশরাফুলের দল। লিগপর্বে বাংলাদেশ ৫ ম্যাচ খেলবে। ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ হবে।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল বলে গেলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জিং, আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’
এক নজরে বাংলাদেশ ম্যাচের সূচি
২৭ অক্টোবর: বাংলাদেশ Vs ভারত (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৯ অক্টোবর: বাংলাদেশ Vs জাপান (বিকেল ৫:১৫ মিনিট)
৩০ অক্টোবর: বাংলাদেশ Vs মালয়েশিয়া (দুপুর ৩টায়)
১ নভেম্বর: বাংলাদেশ Vs সাউথ কোরিয়া (দুপুর ৩টায়)
২ নভেম্বর: বাংলাদেশ Vs চীন (দুপুর ৩টা)






