বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত করেছে বাংলাদেশের পেস-স্পিন বিভাগ। ভালো বল করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। একই পথে হেঁটেছেন অন্য স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে স্পিনারদের ১০-এ-১০ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
সাকিব-মিরাজের বিষয়ে শ্রীলঙ্কান কোচ হেরাথ বললেন, ‘আমি হাইলাইটস দেখেছি, স্পিনাররা ভালো করেছিল। তাদের দক্ষতা অনুযায়ী ভালোভাবে পিচ বুঝতে পেরেছিল। তারপর অবস্থা অনুযায়ী ভালোভাবে বল করেছিল। আগামীকাল তারা প্রথমে মাঠের অবস্থা বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী বল করবে।’
‘সত্যি কথা বলতে ১০-এ-১০ দিতে চাই। কারণ আগেই বলেছি সাকিব-মিরাজ পিচ ভালোভাবে বুঝতে পেরেছিল। তারা বিশ্লেষণ করেছে কীভাবে কোন লাইন-লেন্থ অনুযায়ী বল করতে হবে। তারা যেভাবে বল করেছে, তাতে আমি শতভাগ খুশি।’

মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে ম্যাচ।








