নেপালে ভালো খেলেও হেরে গেলেন সাকিব-মেহেদীরা

নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেও রক্ষা হল না সাকিব আল হাসান-শেখ মেহেদী হাসানদের দল পোখরা অ্যাভেঞ্জার্সের। লিগের চতুর্থ ম্যাচে মাঠে নামে পোখরা ও সুদূরপশ্চিম রয়্যালস। পোখরার হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশি সাকিব ও শেখ মেহেদী। অবশ্য ম্যাচে ভালো খেলেও হার এড়াতে পারেনি দুই টাইগার তারকা।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটে নামে সাকিব আল হাসানের দল।। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে পোখরা অ্যাভেঞ্জার্স। জবাবে ১৬.৫ ওভারে ৬ উইকেটের জয় নিশ্চিত করে সুদূরপশ্চিম।
ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন টাইগার ব্যাটার শেখ মেহেদী। পোখরার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভারে ৩১ রানে ১টি উইকেট তুলে নেন। অন্যদিকে ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও বল হাতে ভালো করেছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছেন।
প্রথমে ব্যাট নেমে শেখ মেহেদীতে পোখরা দারুণ শুরু করে। ঝড় তোলেন সুদূরপশ্চিম বোলারদের উপর। ২১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংয়ে একটি ছক্কা ও ৪টি চারের মার। সাকিব করেন ১৬ বলে ১৪ রান। অধিনায়ক কুশল ভুর্টেল করেন ১৭ বলে ২১ রান। দলীয় ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পোখরা। হাল ধরেন অর্জুন ঘারতি। তার অপরাজিত ২৫ বলে ৪০ রানে ভর করে দেড়শর কাছে যায় পোখরা।
সুদূরপশ্চিমের হয়ে ৩ উইকেট নেন অনিল খরেল। একটি করে উইকেট নেন হেমন্ত ধামি, স্কট কুগেলেঝিন এবং অধিনায়ক দীপেন্দ্র সিং অইরি।
জবাবে প্রথমেই বিনোদ ভাণ্ডারীর উইকেট হারায় সুদূরপশ্চিম। সাইফ জাইব ও ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩৪ রানের জুটি গড়েন। ম্যাকমুলেন ১২ বলে ২১ রান করে সাকিবের বলে আউট হন। সাইফ রানআউটে ফেরেন। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ছিটকে যায় সুদূরপশ্চিম। সেখান থেকে ঈশান পান্ডেকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন অধিনায়ক দীপেন্দ্র। দলীয় ১৩০ রানে ৩১ বলে ৩৭ রান করে আউট হয় ঈশান। দীপেন্দ্রর ৩৬ বলে ৫১ রানের অপরাজিত ফিফটিতে সহজ জয় তুলে নেয় সুদূরপশ্চিম।
পোখরার হয়ে একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, শেখ মেহেদী ও ধনঞ্জয়া লক্ষণ।





