ক্রিকেট

৫৯ রান যোগ করতেই নেই ৭ উইকেট, প্রথম সেশনে গুটিয়ে গেল বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিন

৫৯ রান যোগ করতেই নেই ৭ উইকেট, প্রথম সেশনে গুটিয়ে গেল বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জোমেল ওয়ারিক্যান-জশুয়া বিশপদের ঘূর্ণি ও শামার জোসেফের গতিতে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। প্রথমদিনের দুর্দান্ত ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনের সকালেই বিধ্বস্ত টিম টাইগার্স। ৫৯ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে প্রথম সেশনে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯৭.৪ ওভার ব্যাট করে ২৭২ রানে থেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ২১৯ বলে ৯৯ রানে এবং লিটন দাস ২৮ বলে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি লম্বা করতে পারেননি। ৭৬.৫ ওভারে জশুয়া বিশপের বলে দলীয় ২২১ রানে আউট হন। ১১ চারে ২৩৪ বলে ১০৫ রান করেন। এরপর ধস নামে।

সাদমান ফেরার পর ব্যাটে নামেন প্রথমদিনে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া তাওহীদ হৃদয়। কেবল ২ বল ক্রিজে ছিলেন। বিশপের বলে বোল্ড হন। ৪ চারে ৮৬ বলে ৪২ রান করে। নাঈম হাসানকে নিয়ে আড়াইশ পার করেন লিটন দাস। ২৬২ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। শামার জোসেফের বলে স্লিপে কাভেম হজের ক্যাচ হয়ে ফেরেন নাঈম। ১২ বলে ৫ রান করে।

এরপর ১০ রান যোগ করতে বাকি ৩ ব্যাটার আউট হলে গুটিয়ে যায় বাংলাদেশ। হাসান ১১ বলে ৬ রান, তাইজুল ৪ বলে ১ রান এবং শরিফুল খালি হাতে ফেরেন। লিটন ৩৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ থামে ২৭২ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে জোমেল ওয়ারিক্যান ৫ উইকেট নিয়েছেন। জেইডেন সিলেস, জশুয়া বিশপ ও শামার জোসেফ নেন দুটি করে উইকেট।

বুধবারও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৯ রানে ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায়। ২৩ বলে ৭ রান করে জেইডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের ক্যাচ হন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমান যোগ করেন ৫৯ রান।

দলীয় ৬৮ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৫১ বলে ২৮ রান করে যান তিনি। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সাদমান যোগ করেন ৪২ রান। ৪২ বলে ১৯ রানে শান্ত আউট হলে জুটি ভাঙে।

এরপর হৃদয় ও সাদমান বড় জুটি গড়ার পথে ছিলেন। তৃতীয় সেশনের শুরুর দিকে হৃদয় চোট পান। প্রথম দফায় ফিজিওর সহায়তা নিয়ে ব্যাটে ফিরছিলেন। কিছু সময় ফের অস্বস্তি অনুভব করেন। শেষঅবধি স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হন।

সাদমানকে সঙ্গ দিতে আসেন লিটন। ৫.১ ওভার খেলার পর ফ্লাডলাইটে আগুন লাগে। বন্ধ হয়ে যায় খেলা। ৫৩ মিনিট পর ফের গড়ায় মাঠের লড়াই। তবে ৪ ওভার পর দিনের খেলা শেষ হয়।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…