বঙ্গবন্ধুর দুয়েকজন খুনীকে শিগগিরই দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত অনেকেরই ইতোমধ্যে বিচার সম্পন্ন হয়েছে, যারা বাইরে আছেন তাদের মধ্যে দুয়েকজনকে শিগগিরই দেশে আনা হবে।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা হরতাল ধর্মঘট ডাকতে পারে কোন আপত্তি নেই, কিন্তু জানমালের ক্ষতি কিংবা ভাংচুর করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষির্কী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আন্দরকিল্লা সিটি কর্পোরেশন চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহাগর কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ৬দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এসময় আরো বক্তৃতা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আক্তার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম পুলিশ সুপারএস এম রশিদুল হক, কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী অহীদ সিরাজ চৌধুরী স্বপন সহ অন্যরা।






