‘বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই’

সংবাদ সম্মেলনে তিনজন ব্যক্তি বসে আছেন, পেছনে বিভিন্ন সংবাদ সংস্থার লোগো সহ ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফিফা র্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অ্যাওয়ে ম্যাচে খেলায় ক্যাঙ্গারুদের কাছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা ৭-০ গোলে বিধ্বস্ত হয়। তবুও লাল-সবুজের দলকে হালকাভাবে নিতে নারাজ অতিথি দলের কোচ গ্রাহাম আর্নল্ড।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে খেলাটি মাঠে গড়াবে। ম্যাচের আগেরদিন বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে অস্ট্রেলিয়ার কোচ প্রতিপক্ষকে নিয়ে সম্মান দেখিয়েই কথা বলেন।
‘বাংলাদেশ এবার নিজের মাঠে খেলবে। এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া দলকে গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। আমরা জানি ঘরের মাঠে ওরা সম্পূর্ণ ভিন্ন দল। হ্যাঁ, এটা ঠিক নভেম্বরে এই বাংলাদেশকেই আমরা নিজেদের মাঠে ৭ গোলে হারিয়েছিলাম। কিন্তু সেটা অতীত। কাল সম্পূর্ণ নতুন একটা ম্যাচ।’
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ২৪তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জামাল ভূঁইয়ার দল ১৮৪তম স্থানে আছে। দুদলের শক্তি ও সামর্থ্যের পার্থক্য কতটা বিশাল, সেটি বুঝতে এ তথ্যটুকু জানাই যথেষ্ট। ম্যাচের ফল নিয়ে অনায়াসেই ভবিষ্যদ্বাণী করে দেয়া যায়। সহজ প্রতিপক্ষকে পেয়েও পা মাটিতে রেখেই নিজের ভাবনার বিষয়ে পরিষ্কার মন্তব্য করেন গ্রাহাম।
‘এসব নিয়ে ভাবার কিছুই নেই। দুটি জাতীয় দলের মধ্যে ম্যাচ। অস্ট্রেলিয়া ফুটবল দল মাঠে দেশের হয়ে খেলতে। নামবে। আমাদের প্রতিপক্ষ কারা, কতটা শক্তিশালী কিংবা দুর্বল, এসব নিয়ে ভাবার কিছু নেই। প্রত্যেক খেলোয়াড়ের বুকে অস্ট্রেলিয়া দলের চিহ্ন থাকবে। অনুপ্রেরণার জন্য এটুকুই যথেষ্ট।’
নিজের মাঠে চেনা কন্ডিশনে খেলাটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। দর্শক সমর্থনটাও তাদের পক্ষেই থাকবে। যদিও অস্ট্রেলিয়ার খেলায় এসবের কিছুই প্রভাব ফেলবে না বলে দলটির কোচ সাফ জানিয়ে দেন।
‘বাংলাদেশ হয়তো নিজেদের মাঠে খেলবে। কন্ডিশন সম্পূর্ণ তাদের পক্ষে থাকবে। পক্ষে থাকবে দর্শকরাও। কিন্তু অস্ট্রেলিয়া দল এমন প্রতিকূল পরিবেশে খেলে অভ্যস্ত। এই দলটা চীনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ৮৫ হাজার দর্শকের সামনে খেলেছে। এমন অসংখ্য ম্যাচ আমার খেলোয়াড়েরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে, যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। তাই এসবে আমরা অভ্যস্ত। আমাদের খেলায় এসব প্রভাব ফেলবে না।’
সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান ফুটবলার কাই রোলস। ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এ খেলোয়াড় বাংলাদেশের গরম নিয়ে কথা বললেন।
‘এখানে বেশ গরম। বাংলাদেশের সবকিছু অবশ্যই অস্ট্রেলিয়ার চেয়ে ভিন্ন। তবে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে, প্রচুর দর্শক তাদের জন্য গলা ফাটাবে। আমি ম্যাচটার জন্য মুখিয়ে আছি।’






