বিনোদন

ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা, কোনটি দেখবেন দর্শক!

বলিউডের দুটি সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, দর্শকদের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বলিউড সিনেমার পোস্টার, একটিতে একজন অভিনেতা সাধারণ পোশাকে, অন্যটিতে দুইজন অ্যাকশন দৃশ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১১ এপ্রিল ঢালিউডের এক ঝাঁক সিনেমার পাশাপাশি বলিউডেও মুক্তি পাচ্ছে দুইটি সিনেমা। যার একটি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ও অপরটি অজয় দেবগণের ‘ময়দান’। ফলে এবারের ঈদে ভারতীয় বক্স অফিস লড়াইয়ে নামবে এই দুই সিনেমা।

কিন্তু চলচ্চিত্র ভক্তরা ঈদের এই দুই সিনেমার মাঝে কোনটি দেখতে বেশি আগ্রহী? সেটি জানতেই ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ একটি পোল ভোটিং জরিপ পরিচালনা করেছে। যার মাধ্যমে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছে যে তারা কোন সিনেমাটি দেখতে বেশি আগ্রহী? যারই ফলাফল মিললো এবার!

বলিউড লাইফের জরিপ অনুসারে, দর্শকদের আগ্রহের শীর্ষেই অবস্থান করছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিটি। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের এই ছবিটি ভোট পেয়েছে ২৬.৩ শতাংশ। এমনকি অগ্রিম বুকিংয়েও এগিয়ে এই ছবিটি। সেই সঙ্গে বক্স অফিস বিশ্লেষকরাও ধারণা করছেন আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ছবিটি বক্স অফিসে এগিয়ে থাকবে। সে অনুসারে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ১৮-২৫ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

অ্যাকশন প্যাকড আসন্ন এই সিনেমাতে রয়েছে ভরপুর কমেডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দীও দর্শকদের মাত করবে বলে ধারণা করা হচ্ছে। অক্ষয় ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে ছবিটিতে দেখা যাবে খলনায়কের চরিত্রে।

অন্যদিকে অজয় দেবগণের ‘ময়দান’ ছবিটি ভোট পেয়েছে ১৯.৭ শতাংশ। যেটিও অগ্রিম বুকিংয়ে বেশ এগিয়ে। স্পোর্টস ড্রামা ঘরনার ‘ময়দান’ ছবিতে অজয়কে দেখা যাবে এক ভিন্ন ধরনের চরিত্রে। ছবিটি মূলত প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন অমিত আর শর্মা। ছবির গল্প ১৯৫২ থেকে ১৯৬২ সালের।

প্রাথমিক পর্যালোচনা থেকে জানা গেছে যে ‘ময়দান’ অজয় দেবগনের অনবদ্য অভিনয় সহ একটি দুর্দান্ত চলচ্চিত্র হতে যাচ্ছে। যা প্রত্যেক ফুটবল প্রেমীদেরই একবার দেখা উচিত।

এছাড়াও দুটি সিনেমা দেখার জন্য ১০.২ শতাংশ ভোট দিয়েছে দর্শকরা। সুতরাং, ঈদে যে এই দুই সিনেমার মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

বিষয়:'বড়ে মিয়া ছোটে মিয়া' অক্ষয় কুমার টাইগার শ্রফ ময়দান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…