শুভশ্রীতে মগ্ন দেব, বলিউডমুখি প্রেমিকা রুক্মিণী!

কলকাতার সিনেমা দেব-শুভশ্রী জুটির কামব্যাক নিয়ে চর্চার শেষ নেই। ‘দেশু সেভেন’ সিনেমা ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে। তবে এই আলোচনা দেব-শুভশ্রীর সিনেমা ঘিরে নয়, প্রাক্তন প্রেমের ঘটনার পর আবার তাদের একসঙ্গে সিনেমা করাই মূলত এই আলোচনার রসদ!
এর মাঝেই জানা গেল এক দারুণ খবর! শুভশ্রীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী দীর্ঘ ১১ বছর পর তার প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন। তবে চমক এখানেই শেষ নয়। এবার জানা গেল পিছিয়ে নেই রুক্মিণীও।
খবর, বলিউডে বড় ব্রেক পেয়েছেন তিনি। এবার দেবের প্রেমিকাকে দেখা যাবে অক্ষয় কুমারের বলিউডের ছবিতে।
অবশ্য ইতিপূর্বেই বলিউডে পা রেখে ফেলেছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে দেখা গেছে ‘সনক’ ছবিতে। যদিও ‘সনক’ ছবি দিয়ে সেভাবে বলিউডে পরিচিতি গড়তে পারেননি রুক্মিনি। আর সেই অঙ্কে হিসেব করলে, অক্ষয় কুমারের বিপরীতে কাজ নিঃসন্দেহে এক মাইলস্টোন হতে চলেছে।
শোনা যাচ্ছে, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গেছে রুক্মিণীর কাছে। অর্থাৎ, বেশ বড় স্কেলেই আসতে চলেছেন কলকাতার এই নাযিকা।
জানা গেছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীল। সঙ্গে ‘ফ্রেশ ফেস’-ও চাইছিলেন তারা। সব মিলিয়ে ‘সনক’ নায়িকাকেই বেছেছেন।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। উল্লেখ্য এর আগে ‘সনক’-ও প্রযোজনা করেছিলেন বিপুল শাহ। এই কানেকশনও কাজে এসেছে রুক্মিণীর।






