বিনোদন

এবার ফোনে হুমকি বার্তা পেলেন আয়ুষ্মান

এবার ফোনে হুমকি বার্তা পেলেন আয়ুষ্মান

বলিউডের ভাইজান সালমান খানকে দিয়ে শুরু, তারপর থেকে একের পর এক অভিনেতা নিশানায়। এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হলো আয়ুষ্মান খুরানার নাম।

তার কাছ থেকে কোটি কোটি টাকা চাওয়া হয়েছে বলে খবর উঠেছে। হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলেও দাবি করেছে। একটি অডিও বার্তার মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতা ব্যক্তি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তকারীরা অডিও বার্তার কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বরের মিল খতিয়ে দেখছেন। পুলিশের অনুমান, কণ্ঠস্বরের তুলনা করেই ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, “হুমকিদাতা ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে।” পাশাপাশি, “লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির সত্যিই কোন যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

তবে এই ঘটনায় এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার তরফে কোন আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।

একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে নারাজ মুম্বাই পুলিশ। ঠিক কত টাকা তার কাছে দাবি করা হয়েছে, সে ব্যাপারেও বিশদে জানায়নি পুলিশ।

এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বলিউডের আর এক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকি ফোন। তার কাছে ৫ কোটি টাকা দাবি করেছে হুমকিদাতা। ফোনের ওপারে লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার আধিকারিকদের সন্দেহ, পুরোটাই ভুয়া।

বিষয়:আয়ুষ্মান খুরানা লরেন্স বিশ্নোই গ্যাং হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…