সচিবালয়ের জন্য নির্ধারিত জমি বিষয়ে সড়ক অবরোধ, কী চান শেকৃবি শিক্ষার্থীরা?

ছবি: সংগৃহীত
আগারগাঁওয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে রাজধানীর বেগম রোকেয়া সরণি অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন। পরে মিছিল নিয়ে বেগম রোকেয়া সরণিতে অবস্থান নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠের জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের। সেখানে সচিবালয় নির্মাণ না করে শিক্ষার্থীদের জন্য একটি গবেষণাকেন্দ্র গড়ে তুলতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
আন্দোলনরত এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, জমিটি বিশ্ববিদ্যালয়ের। তাঁরা সেখানে সচিবালয় চান না, গবেষণাকেন্দ্র চান। ওই স্থানে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে তাঁরা পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করে সেখানে থাকা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা সচিবালয় আগারগাঁওয়ের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের একটি প্রস্তাব অনুমোদন করে।





