বাংলাদেশ

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেন, ওই দলের নেতারা বিভিন্ন সময় অশ্লীল বক্তব্য দিচ্ছেন। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি থেকে এসব অশ্লীলতা দূর করা উচিত।

সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচিরও সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি দেশকে সেই সংকট থেকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন।

দেশে বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকারকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলে উল্লেখ করেন চিফ হুইপ। তাঁর দাবি, যথাযথভাবে হামের টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে।

বিষয়:অটোরিকশা চিফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ থাইরয়েড সোসাইটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…