ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি তার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমানের বক্তব্য কিংবা গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।





