খুব কাছে গিয়েও টি-টুয়েন্টিতে জেতা হলো না ওয়েস্ট ইন্ডিজের। ঘরের মাটিতে প্রথম টি-টুয়েন্টিতে ১১ রানে জিতেছে অস্ট্রেলিয়া। এ জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
দুই ইনিংস মিলিয়ে ৪১৫ রান হয়েছে যা টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৩৯১ রানের। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে চারটি ক্যাচ নিয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন পেসার শন অ্যাবট। এরআগে সর্বোচ্চ তিনটি ক্যাচের রেকর্ড ছিল সাবেক পেসার ব্রেট লি’র।
ক্রিকেটের ছোট সংস্করণে শততম ম্যাচ খেলার এলিট ক্লাবে প্রবেশ করেছেন অজিদের বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার আগে মাত্র দুজন শততম ম্যাচের এলিট ক্লাবে প্রবেশ করেছিলেন। তারা হলেন নিউজিল্যান্ডের রস টেলর এবং ভারতের বিরাট কোহলি। ৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওয়ার্নার।
হোবার্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। ওয়ার্নার এবং জশ ইংলিশের ঝড়ো শুরুর পর টিম ডেভিডের ১৭ বলে ৩৭ রানের ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। উইন্ডিজের পেসার আন্দ্রে রাসেল ৩টি এবং আলঝারি জোসেফ ২টি উইকেট নেন।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্রেন্ডন কিংয়ের ৫৩ এবং জনসন চার্সসের ৪২ রানে ভালো শুরু পায় সফরকারীরা। পরে জেসন হোল্ডারের ১৫ বলে ৩৪ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। অজিরা জয় পায় ১১ রানে। অ্যাডাম জাম্পা ৩টি এবং মার্কাস স্টয়নিস ২টি উইকেট নেন।







