অস্ট্রেলিয়ার ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান ভোলপেত। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশের হাতে আটক হওয়ার পর তার প্রাথমিক ড্রাগ পরীক্ষায় কোকেইনের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ অস্ট্রেলিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ২২ বর্ষী ভোলপেত একই রাতে দুইবার ট্রাফিক পুলিশের নজরে আসেন। প্রথম ঘটনাটি ঘটে রাত প্রায় ১১টার দিকে এবং দ্বিতীয়টি রাত ১টার দিকে। দুই ক্ষেত্রেই তিনি একই এলাকায় নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালাচ্ছিলেন।
দ্বিতীয় ঘটনায় অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে। পুলিশ জানায়, একটি বিএমডব্লিউ কুপে চালানোর সময় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে তিনি ঘণ্টায় ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। প্রথমে ব্রেথালাইজার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেও, পরবর্তী ড্রাগ স্ক্রিনিংয়ে কোকেইনের প্রাথমিক পজিটিভ ফল আসে।
তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। প্রাথমিক পরীক্ষার ফল নিশ্চিত করতে পুলিশ তার মুখের তরলের আরও একটি নমুনা সংগ্রহ করেছে। নিশ্চিতকরণ পরীক্ষার রিপোর্ট প্রকাশের পরই জানা যাবে প্রথম পরীক্ষার ফল সঠিক ছিল কি না।
এদিকে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ভোলপেতের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ভোলপেতের আন্তর্জাতিক ক্যারিয়ারও ছিল আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এই ফুটবলারের ইতালির নাগরিকত্বও রয়েছে। তিনি একসময় ইতালির জাতীয় দলে সুযোগ পাওয়ার আশায় দেশটির বয়সভিত্তিক দলের হয়ে খেলেছিলেন। তবে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।







