অনলাইনে ক্ষতিকর কনটেন্টের দায় এবার প্রযুক্তি প্রতিষ্ঠানের, অস্ট্রেলিয়ায় নতুন আইন

ছবি: সংগৃহীত
অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও ফিচার অপসারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে নতুন আইন পাস করেছে অস্ট্রেলিয়া। আইন অমান্য করলে প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ডিজিটাল ডিউটি অব কেয়ার’ নামের আইনটি এক বছর পর কার্যকর হবে। এর মাধ্যমে নাগরিকদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরাসরি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস নতুন আইনকে যুগান্তকারী নিরাপত্তা সংস্কার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিজেদের প্ল্যাটফর্মে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।
নতুন আইনে নারীর প্রতি বিদ্বেষ, লিঙ্গসমতার বিরোধিতা, অপরাধকে মহিমান্বিত করা এবং বিপজ্জনক কর্মকাণ্ডে উৎসাহ দেয়, এমন কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এ ছাড়া সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের বিপরীতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লাইসেন্স ফি আদায়ের পরিকল্পনাও রয়েছে দেশটির।
তবে নতুন আইনটির ভাষা ও প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের ব্যক্তিরা। তাদের আশঙ্কা, জরিমানা এড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নির্বিচারে কনটেন্ট সরিয়ে ফেলতে পারে।
শিশুদের অনলাইন সুরক্ষার বিষয়ে সরকারের সঙ্গে একমত হলেও অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান আইনটির বিরোধিতা করেছে। বিশেষ করে ক্ষতিকর কনটেন্ট নির্ধারণে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে তারা।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ডিজির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জেনি ডাক্সবেরি বলেন, আইনটির অস্পষ্টতার কারণে নতুন বিধান কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ ছাড়া তদন্তের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে ছদ্মপরিচয়ে অ্যাকাউন্ট ব্যবহার এবং ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আইন লঙ্ঘনের দায়ে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে তার বৈশ্বিক আয়ের ৫ শতাংশ অথবা ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার (৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার), এর মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ পর্যন্ত জরিমানা করা যাবে।





