দুর্দান্ত প্রতাপে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দলটির পরের লক্ষ্য শ্রীলঙ্কা, যেখানে স্পিনবান্ধব একাদশ নিয়ে আসছে তারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে অজিরা।
লঙ্কান সিরিজে দায়িত্ব পড়েছে স্টিভেন স্মিথের উপর। পিতৃত্বকালীন ছুটি এবং অ্যাঙ্কলের চোট সেরে উঠতে সিরিজে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রস্তুতির জন্য আরেক পেসার জশ হ্যাজেলউডকেও সিরিজে রাখা হয়নি।
শ্রীলঙ্কার স্পিনবান্ধব পিচের কথা চিন্তা করে নাথান লায়নের সঙ্গে একাদশে যোগ করা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাট কুহনেম্যান ও ডানহাতি অফস্পিনার টড মারফিকে। জায়গা হয়নি টি-টুয়েন্টি অধিনায়ক ও পেস অলরাউন্ডার মিচেল মার্শের।
ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে আগে অভিষেক হলেও প্রথমবার টেস্ট সিরিজে ডাক পেয়েছেন ২১ বর্ষী ব্যাটিং অলরাউন্ডার কুপার কনোলি। বাঁহাতি ব্যাটার অর্থডক্স স্পিনারও। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খুব একটা ভালো করতে না পারলেও রাখা হয়েছে ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে।
দুর্দান্ত ক্যারিয়ার শুরু করায় আরেক ওপেনার স্যাম কনস্টাস ও পেস অলরাউন্ডার বিউ ওয়েবস্টার যাবেন লঙ্কায়।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুয়েনি, টড মারফি, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।







