কলকাতায় স্পিন সহায়ক পিচ আশা করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল স্পিন সহায়ক পিচের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা মাঠে বিশ্রাম ও প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসরের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়া পরবর্তী সাত ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামছে বৃহস্পতিবার। প্রতিপক্ষ আসরে দুর্দান্ত খেলে টেবিলের দুইয়ে শেষ করা সাউথ আফ্রিকা। কলকাতায় কয়েক দিন আগে গ্রুপপর্বে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচে যে পিচে খেলা হয়েছিল সেই পিচে খেলা হবে বলে আশা করছে অজিরা। এমন হলে মার্নাস লাবুশেনকে রেখেই দল সাজাতে চাইবে প্যাট কামিন্সরা।
সেমিফাইনালে নামার আগে কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক কামিন্স বলেছেন, ‘এখানে সম্ভবত অন্যান্য পিচের চেয়ে স্পিন একটু ভালো হবে যেটা উভয় দলের ক্ষেত্রেই কাজে আসবে। এটা কিছুটা ভিন্নগতির ম্যাচ হবে, কিন্তু আমি মনে করি এটা বেশ ভালো খেলা হবে।’
দ্বিতীয় ম্যাচের আগে কলকাতায় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। উভয় দলের ২০ ওভার খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ-ডেতে। এমন সম্ভাবনা নিয়ে কামিন্স, ‘সবসময় বিচার করা বেশ কঠিন। মনে হতে পারে অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে এবং একটি ওয়েবসাইট একরকম বলছে, অন্য ওয়েবসাইট বলছে অন্যরকম।’
‘আমি মনে করি এটা চিন্তার বিষয়, কিন্তু আবহাওয়ার বিশদ না জেনে পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। আশা করছি আগামীকাল ৫০ ওভার খেলতে পারব, যদি সেভাবে না হয়, আমি নিশ্চিত তার সাথে আমরা খাপ খাওয়াতে পারব। দেখে মনে হচ্ছে গত দুই মাস এখানে বৃষ্টি হয়নি।’
অস্ট্রেলিয়ার জন্য সুখবর, হ্যামস্ট্রিং থেকে সেরে উঠছেন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার পর আর মাঠে নামেননি এ ডানহাতি। প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরতে পারেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে অজিরা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।






