আফ্রিকার দেশ নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৫৫ জন।
সোমবার (২০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তরসূত্রে প্রতিবেদনে বলা হয়, জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটে এই বিস্ফোরণ। এতে ওই দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ইশা বলেন, গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারণে কত জন নিহত হয়েছেন- তা নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ৮৬ জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে।
আহতদের নিকটবর্তী ৩টি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানান তিনি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইশা।








