আফ্রিকান নারী ফুটবলে তৈরি হল এক নতুন ইতিহাস। ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার মেয়েদের আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মালাউই। সাফল্যের পাশাপাশি ২০২৭ সালে হতে চলা ফিফা নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মালাউই দল। প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে নেমে বিশ্বমঞ্চের টিকিট কেটে চমকে দিয়েছে দলটি।
মরক্কোর রাবাতে আল মদিনা স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দারুণ সূচনা করে ঘানা। ম্যাচের সপ্তম মিনিটে শ্যান্টেল বোয়ে-হলোর্কার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পিছিয়েও ভেঙে পড়েনি ‘স্কোর্চার্স’ নামে পরিচিত মালাউই। ম্যাচের ১২ মিনিটে অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড তেম্বা চাওয়িঙ্গা দারুণ এক গোলে সমতা ফেরায় তারা।
দ্বিতীয় অর্ধে খেলা জমে উঠলে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন রোজ কাদজেরে। তার জয়সূচক গোল মালাউইকে এনে দেয় বহুল কাঙ্ক্ষিত সেমির টিকিট এবং নিশ্চিত করে ব্রাজিল বিশ্বকাপের টিকিট। আলজেরিয়া, মরক্কো, ক্যামেরনও এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
অবশ্য আফ্রিকা কাপ অব নেশনসে প্রথমবার খেলতে এসেছে মালাউই, সুযোগ পেয়েই চমক দেখাতে শুরু করেছে। গ্রুপপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়া এবং মিশরকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল দলটি।
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) থেকে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপের জন্য সরাসরি ৪ দেশ সুযোগ পাবে। সেমিতে পৌঁছানোর মাধ্যমে আফ্রিকা অঞ্চলের অন্যতম দল হিসেবে বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করে নিলো মালাউই। অন্যদিকে পরাজিত ঘানা বিশ্বকাপের প্লে-অফ পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে।








