প্রবাস সংবাদ

জেদ্দায় গানে গানে প্রবাসীদের মাতালেন আসিফ আকবর

জেদ্দায় গানে গানে প্রবাসীদের মাতালেন আসিফ আকবর

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় জনপ্রিয় সব গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মাতালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন পর এমন সাংস্কৃতিক আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

শুক্রবার (২৭ নভেম্বর) জেদ্দার রেড সি মল মাঠে বাংলাদেশি মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের উদ্যোগে ‘বাংলাদেশি তারার মেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঞ্চে উঠেই ভক্তদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন আসিফ আকবর। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই ‘সবুজের বুকে লাল’, ‘একাকী গভীর রাতে’ ও ‘কিছু কিছু কথা ভোলা যায় না’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ থেকে আসা কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরানসহ স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না। জেদ্দা ছাড়াও রিয়াদ, তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানান সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন, বিএনপি নেতা টিপু সুলতান, ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ, মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদসহ প্রবাসী গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজক প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক আয়াদ উজ্জ্বল বলেন, পরিবার-পরিজন ছেড়ে মরুর দেশে প্রতিকূল পরিবেশে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন প্রবাসীরা। তাদের বিনোদনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সৌদি আরবের বিভিন্ন শহরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

বিষয়:আসিফ আকবর কণ্ঠশিল্পী প্রবাসী বাংলাদেশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…