আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি করার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি নিজেই মামলাটি করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান রোববার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার রাতে মামলাটি হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়ি পার্কিং করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন আসিফ আকবর। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে থাকা অবস্থায় তিনি বিকট শব্দ শুনতে পান।
পরে নিচে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর কার্যালয়ে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন আসিফ।
এজাহারে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ের স্থানে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। এরপর ওই ব্যক্তি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গুলিতে গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শনিবার রাতে ঘটনার সময় নিজের অবস্থান জানিয়ে আসিফ বলেন, ‘যখন ঘটনাটা ঘটে, আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’
নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’
ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছেন বলেও জানান আসিফ। তার ভাষ্য, ‘আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল। তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’
এদিকে, গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন ও জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ চলছে। এখনও বলার মতো কোনো অগ্রগতি হয়নি।”





