এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকায় এসেছে পরিবর্তন। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত আগের তালিকায় ছিলেন না কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার। তাতে এবার এসেছে পরিবর্তন। বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন শামীম আশরাফ চৌধুরী।
শনিবার বাংলাদেশ সময় দুপুরে নিজেদের টুইটার অ্যাকাউন্টে পরিবর্তিত তালিকা প্রকাশ করে স্টার স্পোর্টস। সেখানে শামীম আশরাফ চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন।
ওয়ানডে ফরম্যাটে হতে যাওয়া এবারের আসরে ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষাতেও ধারাভাষ্যের ব্যবস্থা রেখেছে স্টার স্পোর্টস। ইংরেজিতে ধারাভাষ্য দেবেন ১৪ জন ও হিন্দিতে ১০ জন।
ইংরেজি ধারাভাষ্যকারদের তালিকায় ভারত ও পাকিস্তানের ৪ জন করে আছেন। আগে একজন থাকলেও পরিবর্তিত তালিকায় শ্রীলঙ্কা থেকে থাকছেন দুইজন। বাংলাদেশ থেকে কেবল শামীমই থাকছেন।
এশিয়ার বাইরের দেশ থেকে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার, সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেন ও সাবেক ইংলিশ পেসার ডমিনিক কর্ক।
ইংরেজি ধারাভাষ্যকারদের তালিকা: রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার, মারভান আতাপাট্টু, ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্ত, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে।
হিন্দি ধারাভাষ্যকারদের তালিকা: গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় বাঙ্গার, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া, রমন ভানোট, যতীন সাপ্রু ও পদমজিত শেরওয়াত।







