কক্সবাজার

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ‘দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে, গলায় থাকা চেইন দেখে চিনেছি’

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ‘দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে, গলায় থাকা চেইন দেখে চিনেছি’

স্বামী দেওয়ান ফয়সালের সঙ্গে নিহত নাসরিন আক্তার মুক্তা

কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ওই পোড়া রিসোর্টের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল।

মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক এবং ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগে। সেদিন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করেন। পরদিন ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১১ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়। এরপর বিকেলে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। তবে রিসোর্টটি ধসে পড়ার আশঙ্কা থাকায় অভিযান শেষ করে ফিরে আসেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার আবারও রিসোর্টটিতে উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় দ্বিতীয় তলা থেকে মুক্তার মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল বলেন, ‘মুক্তার দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। তবে তার গলায় থাকা চেইন দেখে আমি তাকে চিনেছি। এবার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে চাই।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, নিখোঁজের তথ্য পাওয়ার পর ওই ব্যক্তির মুঠোফোনের অবস্থান শনাক্ত করা হয়। সেখানে তার সর্বশেষ অবস্থান ছিল পাটুয়ারটেক এলাকায়। পরে মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল পোড়া রিসোর্টে অভিযান চালিয়ে দ্বিতীয় তলা থেকে একটি পোড়া মরদেহ উদ্ধার করে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহসহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ১১ জনের সন্ধান পাওয়া গেছে। এর আগে উদ্ধার হওয়া ১০টি মরদেহ ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া এই মরদেহটি মুক্তার বলে নিশ্চিত হওয়া গেছে। তার স্বামীও গলায় থাকা চেইন দেখে মরদেহটি শনাক্ত করেছেন।

বিষয়:কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড টেকনাফ মেরিন ড্রাইভ মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…