এফএ কাপে তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় আর্সেনাল। ম্যাচে ১০ জনের ইউনাইটেডকে পেয়েও গানাররা জয় তুলতে পারেনি। টাইব্রেকারে জার্মান তারকা কাই হাভার্টজের নেয়া শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক। শট মিস করায় হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। যার তদন্ত শুরু করেছে ব্রিটিশ আইন প্রয়োগকারী সংস্থা।
দুদল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। জার্মান তারকার মিস দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারে আর্সেনাল।
হাভার্টজের এমন পারফরম্যান্স মানতে পারছেন না আর্সেনাল ভক্ত-সমর্থকরা। হাভার্টজ ও তার পরিবারকে উদ্দেশ্য করে আসা হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ।
পোস্টে সোফিয়া লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কী বলব! তবে দয়া করে মানুষকে আরও সম্মান দিতে শিখুন। আমরা এরচেয়ে ভালো।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় হুমকিটা ছিল এমন, ‘আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে হত্যা করব। আমি মজা করছি না, অপেক্ষা করো।’ জবাবে সোফিয়া লিখেছেন, ‘কেউ যদি মনে করে এমনকিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করছি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’







