২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সারাদেশে বিএনপি নেতাদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন রিজভী জানান, মহাসমাবেশ বানচালে মাঠে তাদের সক্রিয় নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। গত ছয়দিনে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ ৪৯টি মামলা করেছে বলে জানান তিনি।
রিজভী বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ও নিজেদের দুর্নীতি অপকীর্তি ঢাকতে নানা চক্রান্ত করছে। জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য ক্ষমতাসীনরা ডা. জুবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মনগড়া, অসত্য অপপ্রচার চালাচ্ছে। বিকৃত কন্টেন্ট তৈনি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।







