সিনেমায় মুজিব হয়ে উঠতে কেমন ছিলো শুভ’র প্রস্তুতি?
‘মুজিব: একটি জাতির রূপকার’ এর জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন শুভ, সেটাই সেটাই তুলে ধরেছেন ভিডিওতে

অভিনেতা শুভ মুজিব চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার সঙ্গে অন্য অভিনেতা ও নির্মাতারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর কমার্শিয়াল স্ক্রিনের পর সিনেমাটি নিয়ে প্রহর গুণছেন দেশের সাধারণ দর্শক। দেশের প্রেক্ষাগৃহে কবে দেখবেন সিনেমাটি, এমন প্রশ্নই সবার।
এরইমধ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পাতায় দেড় মিনিটের একটি ভিডিও ক্লিপ ছাড়লেন আরিফিন শুভ! যেখানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে উঠতে কেমন প্রস্তুতি ছিলো, ভিডিওতে তার কিছুটা আভাস দেখা গেছে!
‘মুজিব: একটি জাতির রূপকার’ এর জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন শুভ, সেটাই সেটাই তুলে ধরেছেন ভিডিওতে। ক্যাপশনে জুড়েছেন, ‘একজন অভিনেতার পারফর্মেন্সের মতো প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ।’
ভিডিও চিত্রে বিহাইন্ড দ্য সিনে শুভর প্রস্তুতি নেয়ার পাশাপাশি তাকে নিয়ে কথা বলেছেন ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল। তাকে বলতে শোনা যায়, কলকাতায় অডিশনে যখন প্রথমবার শুভকে দেখেন, তখন তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু ওজন বাড়াতে এবং জিম না করতে। কারণ শুভ ততদিনে বডি-বিল্ডিং করে আমূল বদলে গিয়েছিলেন।
শ্যাম বেনেগাল বলেন, ‘আমি চিন্তায় ছিলাম, শুভ এমনটা করতে রাজি হবে কিনা। কিন্তু কোনও প্রশ্ন না করেই সে রাজি হয়ে গেলো।’
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বললেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য।’
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
এছাড়াও ইতিহাসের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেকে।
বাংলাদেশে সিনেমাটি কবে মুক্তি পাবে- এ বিষয়ে সম্প্রতি টরন্টোতে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ‘মুজিব’ এর সেন্সর হয়ে গেছে। আমরা আগামি মাস অর্থ্যাৎ অক্টোবরের যে কোনো সময় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।






