আর্জেন্টিনার শীর্ষ লিগে ইনফ্লুয়েন্সারকে মাঠে নামানোর ঘটনা আলোচনা-সমালোচনায় সীমাবদ্ধ থাকছে না। পেছনে জুয়া বা অবৈধ বাজি জড়িত কিনা, তা খতিয়ে দেখছে আর্জেন্টাইন জাস্টিস ডিপার্টমেন্ট।
দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘ওই ইনফ্লুয়েন্সার এবং তাকে মাঠে নামানো ক্লাবটির কোচ ক্রিস্টিয়ান ফ্যাবিয়ানো কোনো অবৈধ প্ল্যাটফর্মে জুয়াড়িদের আকৃষ্ট করতে চেয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।’
পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ বিষয়ে ‘এথিকস ট্রাইবুনাল’র মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আর্জেন্টাইন ফুটবলের ভাবমূর্তি ও বিশুদ্ধতা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করছে তারা। সেকারণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার আর্জেন্টিনার শীর্ষ লিগের ২২তম রাউন্ডে টেবিল টপার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে দেপোর্তিভো রিয়েস্ট্রার হয়ে অভিষেক হয় ইনফ্লুয়েন্সার ২৪ বর্ষী ইভান রাউল বুহাজেরুক ফার্নান্দেজের। সবমিলিয়ে মাঠে ছিলেন ৫৯ সেকেন্ড, তবে বলে পা ছোঁয়ানোর আগেই উঠিয়ে নেয়া হয় জনপ্রিয় ইউটিউব তারকাকে। ৫৪ লাখ ইনস্টাগ্রাম অনুসারীর মালিক ‘স্প্রিন’ নামে পরিচিত। আর্জেন্টিনার শীর্ষ লিগে এমন অভিষেকে সমালোচনার ঝড় ওঠে।








