দিবস-রজনী ভেবেও পুরুষ জানে না দিবসটি কেন তার!

আন্তর্জাতিক নারী দিবস আসে বেশ রাজকীয় ভঙ্গিতে। সভা হয়, সেমিনার হয়, টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান হয়। পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। নারীর অধিকার, সমতা, নিরাপত্তা, ক্ষমতায়ন; সব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলে। আলোচনার বিষয়ও যথেষ্ট গুরুগম্ভীর। কারণ, নারী দিবসের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, বৈষম্য আর অধিকার আদায়ের ইতিহাস।
অন্যদিকে আন্তর্জাতিক পুরুষ দিবস আসে অনেকটা বাড়ির সেই মেজো ছেলের মতো, যার জন্মদিনের কথা পরিবারের সবাই ভুলে যায়। দুপুরে নিজেই মনে করিয়ে দেয়, ‘আজ কিন্তু আমার জন্মদিন।’
পরিবারের সবাই তখন বলে, ‘ও আচ্ছা! তাই নাকি? শুভ জন্মদিন। বাজার থেকে ফেরার সময় এক কেজি আলু নিয়ে এসো।’
১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। কিন্তু এই দিবসটির সবচেয়ে বড় সংকট হলো, পুরুষেরা নিজেরাই জানে না, দিনটি কীভাবে উদ্যাপন করতে হয়।
নারী দিবসে নারীদের ফুল দেওয়া হয়। পুরুষ দিবসে পুরুষদের ফুল দিলে তারা প্রথমেই সন্দেহ করবে।
‘কী ব্যাপার? কোনো ঝামেলা করেছ নাকি?’
স্ত্রী যদি স্বামীকে বলে, ‘আজ তোমার দিবস। কী উপহার চাও?’
স্বামী কিছুক্ষণ অবিশ্বাসের চোখে তাকিয়ে বলবে, ‘সত্যি বলছ? তাহলে আজ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি?’
স্ত্রীর উত্তর, ‘দিবস পালন করো, সংসার ত্যাগ করতে বলিনি।’
ব্যস, আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রথম অধিবেশন সেখানেই সমাপ্ত।
নারী দিবসে আলোচনা হয় নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে। পুরুষ দিবসে আলোচনা হতে পারে পুরুষের অর্থনৈতিক পরাধীনতা নিয়ে। বিশেষ করে মাসের শেষ সপ্তাহে।
একজন পুরুষ সারা মাস আয় করেন। তারপর বাড়িভাড়া, বাজার, সন্তানের স্কুলের বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল পরিশোধ করেন। মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে তাঁর মনে হয়, তিনি আসলে নিজের অর্থনৈতিক কর্মকাণ্ডের একজন অবৈতনিক ব্যবস্থাপক।
এমন নয় যে সব পরিবারেই এমন। তবে অনেক পুরুষের কাছে মাসের শেষ সপ্তাহটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের নাম।
নারী দিবসে নারীর অদৃশ্য শ্রমের স্বীকৃতি দাবি করা হয়। অত্যন্ত যৌক্তিক দাবি। পুরুষ দিবসেও কিছু অদৃশ্য শ্রমের হিসাব দেওয়া যেতে পারে।
রাত দুইটায় অদ্ভুত শব্দ হলে কে গিয়ে দেখবে, সেটি প্রায় নির্ধারিত। বাড়িতে তেলাপোকা ঢুকলে পরিবারের সবাই নিরাপদ দূরত্বে সরে গিয়ে যাঁর দিকে তাকায়, তাঁর নাম পুরুষ।
অথচ তেলাপোকাকে যে পুরুষটিও ভয় পেতে পারেন, এই মৌলিক মানবাধিকারটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো আলোচনা নেই।
নারী দিবস উপলক্ষে টেলিভিশনে বিশেষ টক শো হয়। আলোচনার বিষয়: ‘নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’।
পুরুষ দিবসে টক শো হলে তার শিরোনাম হতে পারে, ‘পুরুষের নীরব কান্না: রিমোট কন্ট্রোল থেকে বালিশ পর্যন্ত’।
সেখানে একজন বক্তা বলবেন, ‘আমরা পুরুষের অধিকার চাই।’
উপস্থাপক প্রশ্ন করবেন, ‘কী ধরনের অধিকার?’
বক্তা বলবেন, ‘অন্তত ক্রিকেট ম্যাচের শেষ পাঁচ ওভার নির্বিঘ্নে দেখার অধিকার।’
আরেকজন বলবেন, ‘আমি চাই, কোনো পুরুষ চুপচাপ বসে থাকলে তাঁকে যেন জিজ্ঞেস করা না হয়: কী হয়েছে, মন খারাপ কেন?’
তৃতীয় বক্তা দাবি তুলবেন, ‘পুরুষেরও কাঁদার অধিকার আছে।’
এই দাবিটি অবশ্য সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ, সমাজ পুরুষকে ছোটবেলা থেকেই শেখায়, ‘ছেলেরা কাঁদে না।’ তারপর বড় হয়ে সেই পুরুষই আবেগ প্রকাশ করতে না পারলে অভিযোগ ওঠে, ‘লোকটার কোনো অনুভূতি নেই!’
অর্থাৎ পুরুষের সমস্যা হলো, কাঁদলেও বিপদ, না কাঁদলেও বিপদ।
তবে পুরুষ দিবসের সবচেয়ে বড় বিপত্তি এর প্রচারণায়।
নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যায় শুভেচ্ছায়। ‘নারী তুমি অনন্যা’, ‘নারী তুমি শক্তি’, ‘নারী তুমি আলোর দিশারি’; কত সুন্দর সব বাক্য!
পুরুষ দিবসে কেউ যদি লেখেন, ‘পুরুষ তুমি অনন্য’, নিচে প্রথম মন্তব্য আসতে পারে, ‘ভাই, কী হয়েছে? ভাবি কি বাপের বাড়ি গেছেন?’
আর কেউ যদি লেখেন, ‘পুরুষ তুমি শক্তি’, সঙ্গে সঙ্গে আরেকজন লিখবেন, ‘তাহলে বাজারের ব্যাগটা নিজেই বহন করেন।’
পুরুষ দিবসের কোনো প্রতিষ্ঠিত রংও সাধারণ মানুষের জানা নেই। নারী দিবসে বেগুনি রঙের তাৎপর্য আছে। পুরুষ দিবসে কোন রং ব্যবহার করা হবে? নীল? কালো? নাকি মাসের শেষে মানিব্যাগের ভেতরের শূন্যতার মতো সাদা?
একটি প্রতিষ্ঠান কল্পনা করুন।
সকালে মানবসম্পদ বিভাগ থেকে ইমেইল এসেছে: ‘আজ আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সকল পুরুষ সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা।’
পুরুষ কর্মীরা খুশি।
তারপর নিচে লেখা, ‘এই বিশেষ দিনে অফিসের সকল পুরুষ কর্মীকে অতিরিক্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।’
অর্থাৎ দিবস উপলক্ষে উপহার হিসেবে পাওয়া গেল বাড়তি দায়িত্ব।
একজন সাহসী কর্মী প্রশ্ন করলেন, ‘স্যার, আজ কি আমাদের একটু আগে ছুটি দেওয়া যায়?’
বস বললেন, ‘কেন? পুরুষ দিবস মানে কি দায়িত্ব থেকে পালানোর দিবস?’
কর্মী মাথা নিচু করে কাজে ফিরে গেলেন। আন্তর্জাতিক পুরুষ দিবসের চেতনা সমুন্নত রইল।
তবে পুরুষ দিবস নিয়ে অতিরিক্ত রসিকতারও একটা সমস্যা আছে। এতে পুরুষের প্রকৃত সমস্যাগুলো আড়ালে পড়ে যায়। পুরুষের মানসিক স্বাস্থ্য, সামাজিক প্রত্যাশার চাপ, ঝুঁকিপূর্ণ পেশায় কাজ, আবেগ প্রকাশের সংকোচ; এসবও আলোচনার দাবি রাখে।
কিন্তু সমস্যা হলো, এসব নিয়ে সিরিয়াস আলোচনা শুরু করলেই কেউ না কেউ বলে বসেন, ‘আরে ভাই, পুরুষ মানুষের আবার এত কষ্ট কীসের!’
ফলে পুরুষ দিবসের আলোচনাও শেষ পর্যন্ত হাস্যরসের মধ্যে আটকা পড়ে।
নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, সমাজে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার কাজ এখনো শেষ হয়নি। আর পুরুষ দিবস মনে করিয়ে দিতে পারে, পুরুষও মানুষ; তাঁরও ভয় আছে, দুর্বলতা আছে, ক্লান্তি আছে, অনুভূতি আছে।
কিন্তু দিবস দুটির সামাজিক মর্যাদায় আকাশ-পাতাল পার্থক্য।
নারী দিবসে একজন নারী বলতে পারেন, ‘আজ আমাদের অধিকার নিয়ে কথা বলার দিন।’
পুরুষ দিবসে একজন পুরুষ যদি বলেন, ‘আজ আমাদের অধিকার নিয়ে কথা বলার দিন’, আশপাশ থেকে প্রশ্ন আসবে, ‘আপনাদের আবার কোন অধিকার বাকি আছে?’
পুরুষটি তখন দীর্ঘশ্বাস ফেলে বলবেন, ‘অন্তত এই কথাটা বলার অধিকার।’
সব মিলিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবস এক অদ্ভুত দিবস। উদ্যাপন করলে লোকে হাসে, উদ্যাপন না করলে কেউ খেয়ালও করে না।
তাই পুরুষ দিবস পালনের সবচেয়ে নিরাপদ পদ্ধতি সম্ভবত সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা, ‘শুভ পুরুষ দিবস।’
তারপর অফিসে যাওয়া, যানজটে বসে থাকা, কাজ করা, বাজার করা, বাসায় ফেরা।
রাতে স্ত্রী জিজ্ঞেস করবেন, ‘আজ কী দিবস জানো?’
স্বামী আশাবাদী হয়ে বলবেন, ‘আন্তর্জাতিক পুরুষ দিবস!’
স্ত্রী বলবেন, ‘ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, কাল কিন্তু গ্যাসের বিল দেওয়ার শেষ দিন।’
এই হলো আন্তর্জাতিক পুরুষ দিবসের বাস্তবতা।
নারী দিবসে পৃথিবী বদলানোর অঙ্গীকার করা হয়। পুরুষ দিবসে পুরুষের ভাগ্যে জোটে পৃথিবীটা আগের মতোই চালিয়ে যাওয়ার দায়িত্ব।
তবে আশার কথা, পুরুষ দিবসকে অন্তত পুরোপুরি ভুলে যাওয়া হয় না।
বছরে একবার সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না কেউ ঠিকই লিখে ফেলেন: ‘আজ নাকি আন্তর্জাতিক পুরুষ দিবস! সকল পুরুষকে শুভেচ্ছা।’
তার নিচে একজন পুরুষের মন্তব্য: ‘ধন্যবাদ ভাই। জীবনে প্রথম কেউ মনে করিয়ে দিল, আমারও একটা দিবস আছে!’





