বিশ্বকাপ শিরোপা জেতার পর আবারও নতুন আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলটির এমন সাফল্য খুব ‘স্বাভাবিক নয়’ বলছেন অধিনায়ক লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে এসেছে আলবিসেলেস্তেরা, যা তাদের দেশের মানুষ উপভোগ করছে। এখন তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
এক সাক্ষাৎকারে ৩৯ বর্ষী মেসি বলেছেন, ‘এটা ভালো যে (আর্জেন্টিনার) মানুষ আমাদের মতোই উপভোগ করছে। আপাতত আমাদের এভাবেই চলছে।’
‘এই দলটি আর্জেন্টিনার সমর্থকদের এমন সব অর্জনে অভ্যস্ত করে তুলেছে যা সচরাচর দেখা যায় না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এবং সম্ভাব্য সবকিছু জয়ের পর সেখান থেকে ফিরে এসেও একইভাবে লড়াই চালিয়ে যাওয়া। আবার শীর্ষ চার দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখা কিংবা আবারও সেমিফাইনালে খেলা, এসব মোটেও সাধারণ কোন ব্যাপার নয়। ঠিক এ কারণেই আমাদের এ মুহূর্তগুলো প্রাণভরে উপভোগ করা উচিত।’
ভাগ্যের লেখা মেনে নিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা বলেছেন, ‘আমরা জানি না এমনটা আর কখনও ঘটবে কিনা, আর ঘটলে তা কবে হবে। সবশেষ চ্যাম্পিয়ন হওয়ার আগে দীর্ঘ সময় ধরে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি।’
‘সুতরাং এরপর যা কিছু আসবে তা উপভোগ করা এবং তার গুরুত্ব বোঝা উচিত। আমরা বিশ্রাম নিয়ে শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করব এবং সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করব।’







