ফুটবল

ঘরে ডেকে এনে বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

ঘরে ডেকে এনে বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

লিওনেল মেসির বিদায়ের আগে যেন গোলের উৎসবেই মেতেছে আর্জেন্টিনা। শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা বুরকিনা ফাসোকে একেবারেই পাত্তা দেয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মনুমেন্টাল স্টেডিয়ামে একপেশে ম্যাচে আফ্রিকার দলটিকে ঘরে ডেকে এনে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় রোববার সকালে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লৌতারো মার্টিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুলিয়ানো সিমিওনে। একটি গোল এসেছে বুর্কিনা ফাসোর মওমওনি জিয়ালোয়ের ভুলে।

ম্যাচের আগে বুর্কিনা ফাসোর প্রস্তুতিতেই ছিল বড় ঘাটতি। চার্টার ফ্লাইটের জটিলতায় মরক্কো থেকে ম্যাচ শুরুর মাত্র ছয় ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছায় তারা। ৩০ সেপ্টেম্বরই দলটির আর্জেন্টিনায় আসার কথা ছিল। দেরির কারণে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই শেষ পর্যন্ত আসতে পারেননি। ফলে মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে লৌতারো মার্টিনেজের প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন বুর্কিনা ফাসো গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে আর ভুল করেননি অভিজ্ঞ স্ট্রাইকার। ছুটে গিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।

অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় সফকারীদের নিজেদের ভুলে গোলে। জুলিয়ান আলভারেজের ক্রস ঠেকাতে গিয়ে পা বাড়ান বুর্কিনা ফাসোর ডিফেন্ডার মওমওনি জিয়ালোয়ে। তার স্পর্শে গতিপথ বদলে বল চলে যায় জালে। এর চার মিনিট পরই ব্যবধান ৩-০ করে আর্জেন্টিনা। লৌতারোর পাস থেকে বক্সে বল পেয়ে গোল করেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

৩৫ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারে পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে গোল করেন নিকো পাজ। এর এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন জুলিয়ান আলভারেজ। প্রেস্তিয়ান্নির পাস থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে নিখুঁতভাবে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচটি পরিবর্তন আনেন স্কালোনি। তাতে আর্জেন্টিনার আক্রমণে কিছুটা ছন্দপতন দেখা গেলেও সুযোগ তৈরি থামেনি। ৫৮ মিনিটে ষষ্ঠ গোল পায় আর্জেন্টিনা। লৌতারোর পাস থেকে বল পেয়ে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্টিন বার্কোর ক্রসে হেড করে আর্জেন্টিনার সপ্তম গোলটি করেন জুলিয়ানো সিমিওনে।

৭-০ গোলের বড় জয় দিয়ে মেসির বিদায়ের প্রস্তুতিটাও যেন সেরে রাখল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচেই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিষয়:আর্জেন্টিনা বুরকিনা ফাসো মনুমেন্টাল স্টেডিয়াম মেসি স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…